'সন্তানদের মুখে চেয়ে বাঁচতে চাই’- ক্যান্সারাক্রান্ত তাকমিনার বাঁচার আকুতি

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম
শেয়ার করুন:
'সন্তানদের মুখে চেয়ে বাঁচতে চাই’- ক্যান্সারাক্রান্ত তাকমিনার বাঁচার আকুতি

একদিকে মারণব্যাধি ক্যান্সারের অসহ্য শারীরিক যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচের অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রতিটি দিন যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোছাম্মদ তাকমিনা বেগম। অর্থের অভাবে সম্পূর্ণ থমকে গেছে তাঁর চিকিৎসা। অসুস্থ শরীর আর চোখে একরাশ জল নিয়ে তাঁর একটাই আকুতি, *“আমি বাঁচতে চাই, আমার অবুঝ সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাই।”*

পারিবারিক সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের মরহুম আব্দুল হাই মিয়ার চতুর্থ মেয়ে তাকমিনা বেগম। কয়েক বছর আগে প্রথমবার তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। সে সময় বিভিন্ন হৃদয়বান মানুষের সহযোগিতায় দীর্ঘ চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থও হয়ে ওঠেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সম্প্রতি আবারও তাঁর শরীরে মারণব্যাধি ক্যান্সার ফিরে এসেছে।

বর্তমানে তাকমিনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর স্বামী মোঃ শামসু মিয়ার বাড়ি একই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। তবে অসুস্থতার এই চরম মুহূর্তে স্বামীর কাছ থেকে চিকিৎসার পর্যাপ্ত আর্থিক বা মানসিক সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাকমিনার। সহায়-সম্বলহীন হয়ে তিনি বর্তমানে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ির এক ছোট্ট কুঁড়েঘরে আশ্রয় নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। 

অশ্রুসজল কণ্ঠে তাকমিনা বেগম বলেন, *“সুখের আশায় সংসার বেঁধেছিলাম। অথচ জীবনের এই কঠিন সময়ে যার সবচেয়ে বেশি পাশে থাকার কথা ছিল, তাকেই পাশে পাচ্ছি না। প্রথমবার অসুস্থ হওয়ার পর তিনি খণ্ড খণ্ড করে মাত্র ১৫ হাজার টাকার মতো দিয়েছিলেন। এবার চিকিৎসার খরচ অনেক বেশি। আমি ভাবতেও পারিনি রোগটা এভাবে ফিরে আসবে। আমার দুটি ছোট সন্তান রয়েছে। তারা যেন এতিম না হয়, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের বিত্তবান ভাই-বোনদের কাছে আমি বাঁচার আকুতি জানাচ্ছি। আপনাদের সামান্য সাহায্যও আমার জীবন বাঁচাতে পারে।”*

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকরা দ্রুত তাকমিনার উন্নত চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে তাঁর চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে ঢাকায় স্থানান্তর করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা তাঁর নিঃস্ব পরিবারের পক্ষে অসম্ভব। টাকার অভাবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা না পেয়ে দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন এই অসহায় মা।

প্রতিবেশীরা জানান, তাকমিনা একজন সহজ-সরল ও ভালো মনের মানুষ। আজ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তাঁদের মতে, সমাজের সামর্থ্যবান মানুষ যদি এগিয়ে আসেন—কেউ ১০০, ৫০০ কিংবা ১ হাজার টাকা দিয়েও সহযোগিতা করেন—তবে সেই সম্মিলিত সহায়তায় তাকমিনার চিকিৎসা সম্ভব হবে এবং দুটি সন্তান তাদের মাকে ফিরে পাবে।

তাকমিনা বেগমের চিকিৎসা সহায়তায় দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান, দানশীল ও মানবিক ব্যক্তির কাছে আর্থিক সাহায্য ও দোয়ার বিনীত আবেদন জানিয়েছে তাঁর পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।