সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলা: মামলা না নেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩ এএম
শেয়ার করুন:
সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলা: মামলা না নেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা এবং থানায় মামলা গ্রহণ না করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ‘নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করেন দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান। এর জেরে স্থানীয় ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকদের সপরিবারে হত্যার হুমকিও দেয় হামলাকারীরা।

সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, ঘটনার পর আহত সাংবাদিকেরা থানায় লিখিত এজাহার দিতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন তা মামলা হিসেবে রেকর্ড না করে সাধারণ অভিযোগ হিসেবে ফেলে রাখেন। ঘটনার চার দিন অতিবাহিত হলেও মামলা না নিয়ে তদন্তের নামে কালক্ষেপণ করছে পুলিশ। উপরন্তু, হামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধেই কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া একটি সাজানো চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে। এমনকি পার্টি সেন্টারের সিসিটিভি ফুটেজও এখন পর্যন্ত পুলিশ জব্দ করেনি। একই সঙ্গে এতিমদের টাকা আত্মসাতের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সমাবেশে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমকর্মীদের ওপর এমন ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।