রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান

অনলাইন ডেস্কঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩১ পিএম
শেয়ার করুন:
রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান স্থানীয় চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেছেন, চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইভার জন্য প্রয়োজনীয় জায়গায় তিনি কথা বলে সহযোগিতা করবেন। 

ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মূলত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্থানীয় চাকরিপ্রার্থীদের ভাইভা পর্যায়ে সহযোগিতার আশ্বাস দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

জনসভায় চাকরিপ্রার্থীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, “এই গ্রামের অনেক ছেলে আছে যারা রিটেন (লিখিত) পরীক্ষায় পাস করেও ভাইভায় টিকতে পারে না, ফলে চাকরি পায় না। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গেই অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে আসবে; যেখানে ফোন করার আমি সেখানে করে দেব।” তিনি আরও বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি পেতে কোথায় যেতে হবে, তা আমি বলে দেব।”

জনকল্যাণমূলক ও মানবিক কাজের প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “আমার নির্দিষ্ট কিছু মানবিক দায়িত্ব রয়েছে। সমাজে অনেক অসহায় মানুষ আছেন, যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। পরিবারের কেউ অসুস্থ হলে আমাকে জানাবেন; প্রয়োজনে ঢাকায় নিয়ে গিয়ে স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করব।” 

তবে মধ্যস্বত্বভোগী ও অনিয়মের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কোনো নেতাকে টাকা দিয়ে কেউ যদি আমার কাছে সুপারিশ নিতে আসে এবং তা প্রমাণিত হয়, তবে আমি তার জন্য কোনো কাজ করব না।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।