নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত ৩৩/১১ কেভি (৩৩০০০/১১০০০ ভোল্ট) ও ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন এই উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, "এই উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলো। এর মাধ্যমে নোবিপ্রবির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করি।" তিনি আরও জানান, জাতীয় গ্রিডের বড় বিপর্যয় কিংবা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এই উপকেন্দ্রের কল্যাণে ক্যাম্পাসে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানোন্নয়নমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জামাল হোসেন এবং একই দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ. মোহাম্মদ শরীফ হোসেন।

এছাড়াও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সদর দপ্তর ও সোনাপুর কার্যালয়ের ডিজিএমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।