‘এমবাপ্পেকে সব জায়গায় হারিয়েছি, মেসি-রোনালদোর চেয়েও উজ্জ্বল আমি’

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৭ পিএম
শেয়ার করুন:
‘এমবাপ্পেকে সব জায়গায় হারিয়েছি, মেসি-রোনালদোর চেয়েও উজ্জ্বল আমি’

ব্যালন ডি’অর জয়ের লড়াই এবং রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এবার খোলামেলা কথা বললেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বর্তমান ফুটবলে তিনি এবং এমবাপ্পেই বিশ্বের সেরা খেলোয়াড়। 

সাক্ষাৎকারে ইয়ামাল জানান, ব্যালন ডি’অর দেওয়া উচিত বিশ্বের সেরা ফুটবলারকেই। তিনি বলেন, “আমি এটি বিশ্বের সেরা খেলোয়াড়কেই দিতাম। তবে পুরস্কারটি আসলে কাকে দেওয়া উচিত, তা নিয়ে দীর্ঘ বিতর্ক হতেই পারে। তবে সত্যি বলতে, আমি বিশ্বাস করি বর্তমানে এমবাপ্পে এবং আমি—আমরা দুজনই বিশ্বের সেরা।”

এমবাপ্পের সঙ্গে নিজের মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গ টেনে তরুণ এই উইঙ্গার বলেন, “যারা নিয়মিত ফুটবল দেখে তারা সবাই জানে বর্তমান ফুটবলে আমরা দুজনই শীর্ষে। আমাদের মধ্যে যখনই মুখোমুখি লড়াই হয়েছে, আমি তাকে সব দিক থেকেই হারিয়েছি। তবে এটা ঠিক যে সে প্রচুর গোল করেছে এবং সে কারণেই পিচিচি ট্রফি জিতেছে।”

কোনো একটি নির্দিষ্ট টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অরের মতো বড় পুরস্কার দেওয়ার বিপক্ষে যুক্তি তুলে ধরেন ইয়ামাল। তিনি বলেন, “কেবল একটি টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে কাউকে বর্ষসেরা নির্বাচন করা উচিত নয়। এমনকি ইংল্যান্ডও যদি বিশ্বকাপ জিতত, তবুও আমি এটাই বলতাম যে বর্তমান বিশ্বে এমবাপ্পে আর আমিই সেরা।”

অল্প বয়সেই বিশ্বমঞ্চে আলো ছড়ানো নিয়ে বার্সা ফরোয়ার্ডের মন্তব্য, “মেসি কিংবা রোনালদোর মতো কিংবদন্তিদের ফুটবল বিশ্ব দেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এত কম বয়সে কারও এতটা উজ্জ্বল পারফরম্যান্স দেখা গেছে বলে মনে হয় না। অনেকে ভাবতে পারেন আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাব; কিন্তু ফুটবলের ইতিহাসে নিজের নাম লেখাতে আমার সামনে এখনো দীর্ঘ পথ বাকি।”

সাক্ষাৎকারের শেষাংশে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হন ইয়ামাল। আর্জেন্টাইন জাদুকরকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “সবাই জানে মেসিই সর্বকালের সেরা। আর্জেন্টিনার দলে অনেক দারুণ খেলোয়াড় রয়েছে, কিন্তু মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন। আমার চোখে বিশ্বকাপ আসরে তিনিই ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।