ফরিদপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন রাজমিস্ত্রি ও অন্যজন তাঁর সহকারী দিনমজুর।

নিহতরা হলেন—ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা রাজমিস্ত্রি মো. শাওন হোসেন (২৫) এবং সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামের দিনমজুর হৃদয় শেখ (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে সদর উপজেলার বাঁখুণ্ডা এলাকায় মো. কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তাঁরা। ভবনের নতুন সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের জন্য ব্যবহৃত বাঁশ খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে নামেন রাজমিস্ত্রি শাওন। সেখানে প্রবেশের কিছুক্ষণ পরই তিনি বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। 

সহকর্মীকে ছটফট করতে দেখে তাঁকে উদ্ধারের জন্য কালবিলম্ব না করে ট্যাংকের ভেতরে নামেন দিনমজুর হৃদয় শেখ। কিন্তু নিচে নামার পর তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর একটার দিকে রাজমিস্ত্রি শাওনের মৃত্যু হয়। এর পর দিনগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদয় শেখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নতুন সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।