আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৩ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো দুষ্কৃতকারী যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।” এছাড়া পূজাকালীন সময়ে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভায় জানানো হয়, বরিশাল জেলার মধ্যে আগৈলঝাড়া উপজেলাতেই সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলার মোট ১৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, বিন্দু সরকার এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদারসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এর আগে সকালে জহির উদ্দিন স্বপন উপজেলার নগরবাড়ি গ্রামে গিয়ে শহীদ টিপু হাওলাদারের প্রয়াত মা ও বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।