নোবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১১ পিএম
শেয়ার করুন:
নোবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ব্রিজিং দ্য গ্যাপ: স্ট্রেন্থনিং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপস’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “দেশে প্রথমবারের মতো জিডিপির ২ শতাংশ বাজেট শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে, যা আগে ছিল ১.৫ শতাংশ। আগামী চার বছরে এটিকে ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে এই বরাদ্দের সফল বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জ্ঞান ও দক্ষতানির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং ইন্ডাস্ট্রির সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

সেমিনারের চারটি প্রধান উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য—শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিল্পখাতের বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানে যুক্ত করা, বাজারের চাহিদামাফিক পাঠ্যক্রম প্রণয়নে তাঁদের মতামত গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উদ্ভাবনকে শিল্পের সঙ্গে যুক্ত করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।”

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ও গবেষণা কার্যক্রমের সঙ্গে শিল্পখাতের বাস্তব চাহিদার মেলবন্ধন ঘটানো গেলে গবেষণার ফলাফল সমাজ ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। শিল্প প্রতিষ্ঠানের বাস্তব সমস্যাগুলোকে গবেষণার বিষয় হিসেবে গ্রহণ করে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবন সম্ভব।” এই আলোচনার মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে একটি টেকসই এবং ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।

উল্লেখ্য, সেমিনারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকসহ সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা নোবিপ্রবির সঙ্গে যৌথ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। এর ফলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থান, যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং পারস্পরিক ল্যাব সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে; যা শিক্ষার্থীদের কর্মযোগ্যতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।