ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১: মিলল ১৪০ বোতল ফেনসিডিল

মো: নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১: মিলল ১৪০ বোতল ফেনসিডিল

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস মহাসড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত গাড়িটি তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথিমধ্যে বরইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে মহাসড়কের পাশের গভীর পানিভর্তি খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেন। প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে। এ সময় তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর দুটি ব্যাগে রাখা ৭টি কার্টনে মোট ১৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আজাদুর রহমান জানান, “দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনার সঙ্গে মাদক চোরাচালানের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।