কর্মচারীর দুঃসময়ে মানবিকতার দৃষ্টান্ত: পাশে দাঁড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা

মো: নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৩ পিএম
শেয়ার করুন:
কর্মচারীর দুঃসময়ে মানবিকতার দৃষ্টান্ত: পাশে দাঁড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা

একদিকে সদ্যোজাত সন্তান হারানোর গভীর শোক, অন্যদিকে চিকিৎসার খরচের বোঝা—জীবনের এমন এক চরম দুঃসময়ে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ও ইলেকট্রিশিয়ান সেকেন্দার মাতুব্বরের পাশে দাঁড়িয়েছে কলেজ পরিবার। শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষকদের ব্যক্তিগত অনুদানে সংগৃহীত ১৫ হাজার ১০০ টাকা আর্থিক সহায়তা হিসেবে সেকেন্দারের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক সেকেন্দার মাতুব্বরের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সদস্য সৈয়দ আমিনুল হক এবং কর্মচারীদের পক্ষ থেকে কলেজের হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) সি এম জাকির।

কলেজ সূত্রে জানা যায়, সেকেন্দার মাতুব্বর দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে বেসরকারিভাবে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত রয়েছেন। গত ২৩ আগস্ট তাঁর স্ত্রী শিখা আক্তার ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু দুর্ভাগ্যবশত জন্মের পরপরই শিশুটির নানা শারীরিক জটিলতা দেখা দেয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। ওই দিন সন্ধ্যায় সদ্যোজাত সন্তানের মরদেহ সদরপুর উপজেলার দশহাজার গ্রামে নিজ বাড়িতে এনে দাফন করা হয়।

সন্তান হারানোর শোকের পাশাপাশি স্ত্রীর অস্ত্রোপচার ও নবজাতকের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটের মুখে পড়ে। সহকর্মীর এমন দুঃখজনক পরিস্থিতি অনুধাবন করে সদরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ তাঁর পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নেয়। শিক্ষক পরিষদের আহ্বানে কলেজের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এই সহায়তা তহবিল গঠন করেন।

অনুষ্ঠানে সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী উপস্থিত থেকে শিক্ষকদের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি অধ্যক্ষ, শিক্ষক পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিপদের সময় সহকর্মীর পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ ও মানবিক দায়িত্ব। সন্তান হারিয়ে শোকগ্রস্ত এই পরিবারের পাশে কলেজের শিক্ষকরা যেভাবে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

সদরপুর সরকারি কলেজের শিক্ষকদের এই উদ্যোগকে সহকর্মীর প্রতি গভীর সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।