মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্কঃ
১৩ আগস্ট, ২০২৬ ৫:৫৮ পিএম
শেয়ার করুন:
মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা

রাজধানীতে মাদক, ছিনতাই প্রতিরোধ এবং হোটেল ও স্পা সেন্টারের অবৈধ কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। এসব অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে ২৪ ঘণ্টা মাঠে থেকে নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ সব নির্দেশনা দেন।

মাদক ও স্পা সেন্টারে কঠোর নজরদারি
ডিএমপি কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, মাদকের বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এছাড়া, থানা এলাকার বিভিন্ন হোটেল ও স্পা সেন্টারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে না চলতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।

ছিনতাই দমনে ২৪ ঘণ্টার উপস্থিতি 
ছিনতাই প্রতিরোধে ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ক্রাইম বিভাগের সাথে সমন্বয় রেখে সিটিটিসি ও ডিবিকে ২৪ ঘণ্টা মাঠে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় টহল, গোয়েন্দা নজরদারি এবং সমন্বিত অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার ওপর জোর দেন ডিএমপি প্রধান।

ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ
যেকোনো মামলার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও তদন্ত কার্যক্রম গতিশীল করতে প্রতিটি মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিকতা যথাযথভাবে যাচাই করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

ডিএমপি কমিশনার নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।