চরভদ্রাসনে কাঠের সেতু উদ্বোধন: মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি

ফরিদপুর প্রতিনিধিঃ
৮ আগস্ট, ২০২৬ ৭:৩৭ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে কাঠের সেতু উদ্বোধন: মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রামীণ যাতায়াত সহজীকরণে একটি কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বুধবার (৮ আগস্ট) দুপুর ১টায় উপজেলার মৌলভীর চর সরদার বাড়িতে স্পেন বিএনপির সহ-সভাপতি ও প্রবাসী ইউনুস আলী পরামানিকের অর্থায়নে নির্মিত কাঠের সেতুটি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন এমপি শহিদুল ইসলাম বাবুল। সেতু উদ্বোধনের আগে অতিথিরা স্থানীয় আরমান আলী সরদারের মরহুমা মায়ের কবর জিয়ারত করেন। পরে সরদার বাড়ি ঈদগাহ মাঠে একটি বিশেষ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, "মাদক যুবসমাজের জন্য এক মারাত্মক অভিশাপ। মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "মাদকের সাথে যুক্ত ব্যক্তি যে-ই হোক না কেন, কোনো দলীয় পরিচয় বা রাজনৈতিক আশ্রয় তাকে রক্ষা করতে পারবে না। মাদকের ব্যাপারে কোনো ধরনের তদবির বরদাশত করা হবে না।" এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী দুর্নীতি, চাঁদাবাজি বা সামাজিক বিশৃঙ্খলায় লিপ্ত হলে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার উপায় হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে এমপি বাবুল বলেন, তরুণদের সুস্থ মানসিক বিকাশে প্রতিটি উপজেলায় নতুন খেলার মাঠ তৈরি ও ক্রীড়া কর্মকাণ্ড প্রসারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নবনির্মিত এই কাঠের সেতুটির ফলে মৌলভীর চর এলাকার সাধারণ মানুষের হাট-বাজার ও সদরে যাতায়াত অনেক সহজ হয়েছে। একই সাথে স্থানীয় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে।

আরমান আলী সরদারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সফর আলী।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন, বিএনপি নেতা মো. কুদ্দুস আলী, মো. ইয়াকুব আলী, ওবায়দুল বারী দীপু, মো. মঞ্জুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, কৃষক দল নেতা মো. কামরুল হাসান ফিরোজ এবং ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্ল্যা ও আল-আমিন মোল্ল্যাসহ স্থানীয় সামাজিক ও প্রশাসনিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা চরভদ্রাসনকে একটি শান্তিপূূর্ণ ও সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।