থানচিতে কাজুবাদাম চাষিদের মানোন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৫ আগস্ট, ২০২৬ ৭:১০ পিএম
শেয়ার করুন:
থানচিতে কাজুবাদাম চাষিদের মানোন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলায় কাজুবাদাম চাষিদের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই বাজার অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বলীপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এ সভার আয়োজন করে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

'সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ফর দ্য কাজু ফার্মার্স ইন দ্য থানচি অ্যান্ড রুমা' শীর্ষক তিন বছর মেয়াদি এ প্রকল্পের মূল উদ্দেশ্য থানচি ও রুমা উপজেলার কাজুবাদাম চাষিদের জীবনমান নিশ্চিত করা। 

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় চাষিদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি প্রদান, স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণ, জিএসএফ পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ ছাড়া কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তার জন্য স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ এবং বিভিন্ন জাতীয় দিবসে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

বিএনকেএসের উপ-পরিচালক উবানু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। প্রকল্পের সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নঈম বিন শাহজাহান, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন। 

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কৃষিভিত্তিক মূল্যশৃঙ্খল (Value Chain) উন্নয়ন ও নিরাপদ অবকাঠামো তৈরির মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। তবে প্রকল্পটি সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তাঁরা বিশেষ জোর দেন।

অবহিতকরণ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, থানচি থানার প্রতিনিধি, এনজিও কর্মকর্তা এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।