লংমার্চসহ জামায়াত জোটের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্কঃ
৪ আগস্ট, ২০২৬ ১:২৫ পিএম
শেয়ার করুন:
লংমার্চসহ জামায়াত জোটের নতুন কর্মসূচি ঘোষণা

বিদ্যুতের বাড়তি বিল, গ্যাসসং সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে নামছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এসব দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি, দেশজুড়ে চার বিভাগে লংমার্চ এবং ঢাকার রাজপথে মহাসমাবেশসহ একগুচ্ছ নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। আগামী ৫ আগস্ট বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত গণসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচি ঘোষণা করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

৬ আগস্ট সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি

বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, সরকারের নির্লিপ্ততার কারণে দেশে চরম গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এর প্রতিবাদে আগামী ৬ আগস্ট সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। 

একই দিনে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় অবস্থিত গ্যাস ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থার কার্যালয়ের সামনেও একযোগে অবস্থান কর্মসূচি পালিত হবে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে গণসমাবেশ এবং জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বরজুড়ে চার বিভাগে লংমার্চ ও ১৪ নভেম্বর মহাসমাবেশ
সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে চার বিভাগে ধারাবাহিক লংমার্চ অনুষ্ঠিত হবে। জোট সূত্রে প্রাপ্ত প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী:
৫ সেপ্টেম্বর: ঢাকা থেকে চট্টগ্রাম রুটে লংমার্চ।
১৯ সেপ্টেম্বর: ঢাকা থেকে রংপুর রুটে লংমার্চ।
ঢাকা-সিলেট রুট: ট্রেনমার্চ পালনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ঢাকা-খুলনা রুট: তারিখ খুব শিগগিরই জোটের লিয়াজোঁ কমিটি চূড়ান্ত করবে।

এ ছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ১১ দলীয় জোট।

স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় জোটবদ্ধভাবে অংশ নেওয়া কিংবা এককভাবে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। জামায়াত এককভাবে নির্বাচনের পক্ষে মত দিলেও শরিক কয়েকটি দল জোটগতভাবে অংশ নেওয়ার তাগিদ দিয়েছে। 

পাশাপাশি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে প্রচারিত সংবাদের প্রসঙ্গটি বৈঠকে আলোচনায় আসে। জোট নেতারা একে খুব বেশি গুরুত্ব না দিলেও দলগুলোর সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ জোর দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটভুক্ত শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।