আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা থাকতে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
২ আগস্ট, ২০২৬ ২:১৮ পিএম
শেয়ার করুন:
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা থাকতে পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্ট মাসজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন ধরনের তৎপরতা পরিলক্ষিত হতে পারে। এ কারণে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বোমা আতঙ্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ব্যাগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোথাও কোনো বিস্ফোরক বা বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে।

তবে আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং রাজধানীর মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে বলে জানান তিনি। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তুলনামূলকভাবে নাশকতা ও এ ধরনের অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।