‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

অনলাইন ডেস্কঃ
২৭ জুন, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন:
‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময়সীমা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যের নির্ধারিত সময় বাড়ানোর জন্য একাধিক সদস্যের অনুরোধের প্রেক্ষিতে স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার (২৭ জুন) বাজেট আলোচনার শুরুতে স্পিকার বলেন, সংসদে বাজেট আলোচনার জন্য হাতে সময় অত্যন্ত সীমিত। তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা সংসদ সদস্যদের জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছেন, তার বাইরে বক্তব্যের সময় কোনোভাবেই বাড়ানো হবে না। আজ ও আগামীকাল—এই দুই দিনই বাজেটের ওপর সাধারণ আলোচনা চলবে এবং এরপর অন্যান্য সংসদীয় কার্যক্রমে চলে যাবে সংসদ। সংসদ সদস্যরা যেন তাঁদের বক্তব্য অসমাপ্ত রেখে শেষ করতে বাধ্য না হন, সেজন্য আগে থেকেই সময় পরিকল্পনা করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি। 

বাজেট আলোচনার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপনের পর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে স্পিকার সবাইকে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ করেন। ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর মূল বাজেট আলোচনা শুরু হয়।

বাজেট আলোচনায় প্রথম বক্তা হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয় এবং নির্ধারিত সময়েই তাঁর বক্তব্য থামিয়ে দেওয়া হয়। এরপর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হলে তিনি বক্তব্যের শেষ দিকে আরও দুই মিনিট সময় প্রার্থনা করেন। জবাবে স্পিকার সরাসরি বলেন, ‘সময় নাই।’ এরপরও সংসদ সদস্য পুনরায় অনুরোধ করলে স্পিকার হাস্যরসের ছলে বলেন, ‘আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না—বাকি চাহিয়া লজ্জা দিবেন না; সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

একইভাবে চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অতিরিক্ত সময়ের প্রত্যাশা করলে স্পিকার তাঁকেও একই বার্তা দেন। এছাড়া শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণকে ছয় মিনিট সময় দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখার পরামর্শ দেন স্পিকার, যাতে অন্তত এক মিনিট বাকি থাকতেই তিনি বক্তব্য গুছিয়ে আনতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।