প্রধানমন্ত্রীর বিদেশ সফরে প্রটোকল কমাল সরকার
সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রটোকল বা অভ্যর্থনা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এই আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রীসহ মোট চারজন ব্যক্তি উপস্থিত থাকবেন। রাষ্ট্রীয় অপচয় রোধ ও কাজের গতিশীলতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে এবং এর অনুলিপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এর আগে বিভিন্ন সরকারের সময় প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে বিমানবন্দরে প্রটোকলের বেশ দীর্ঘ তালিকা থাকত।
আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর জারি করা আদেশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা বা দেশে ফেরার সময় বিমানবন্দরে কমপক্ষে ২০ জন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হতো। সেই তালিকায় তিন মন্ত্রী, সংসদের উচ্চপদস্থ কর্মকর্তা, তিন বাহিনীর প্রধান, সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা অন্তর্ভুক্ত ছিলেন।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার বিদেশ সফর ও প্রত্যাবর্তনের প্রটোকলে তিন উপদেষ্টা এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ ১৮ জনের উপস্থিত থাকার নিয়ম ছিল। ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা সেই আদেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নামও তালিকায় ছিল। তবে এখন নতুন আদেশের মাধ্যমে প্রটোকলের এই দীর্ঘ তালিকা সংকুচিত করে আনা হলো।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ