আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
২৩ জুন, ২০২৬ ১২:৪১ পিএম
শেয়ার করুন:
আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিদেশ সরকারকে (৫৫) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (২২ জুন) দিবাগত রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দশুলিয়া (গুচ্ছগ্রাম) এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরাঙ্গীর নাহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, র‍্যাব-৪, র‍্যাব-১ ও র‍্যাব-১৩-এর একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সাদুল্লাপুরে অভিযান চালায়। 

ভুক্তভোগী শিশুর পরিবার আশুলিয়ার লালারটেক এলাকায় বসবাস করে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার হওয়া বিদেশ সরকার তাদের প্রতিবেশী। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি অভিযুক্তের ছেলের সঙ্গে তাদের বাসায় খেলছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিদেশ সরকার শিশুটিকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে, তার বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

এএসপি নুরাঙ্গীর নাহিদ জানান, ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে র‍্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত বিদেশ সরকারকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।