পদ্মা ব্যারেজ নির্মাণে ৩৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্কঃ
May 13, 2026 - 16:27
পদ্মা ব্যারেজ নির্মাণে ৩৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবয়ব পেতে যাচ্ছে স্বপ্নের ‘পদ্মা ব্যারেজ’। আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। 

চলতি অর্থবছরের ১১তম এবং বর্তমান বিএনপি সরকারের তৃতীয় একনেক বৈঠকে ৩৫ হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ প্রত্যক্ষভাবে এর সুফল ভোগ করবেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা  
১৯৬০-এর দশক থেকেই ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী শাসন, কৃষি উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ চালুর পর গত ৫০ বছরে পদ্মার মূলধারা পানির অভাবে শীর্ণকায় হয়ে পড়েছে, যার বিরূপ প্রভাব পড়েছে শাখা নদীগুলোর ওপর। অনেক নদী ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই ব্যারেজ নির্মাণ। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে প্রকল্পটি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।

প্রকল্পের খুঁটিনাটি  
বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “পদ্মা ব্যারেজ বর্তমান সরকারের একটি ‘মাস্টারমাইন্ড’ প্রকল্প। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর মাধ্যমে গঙ্গা অববাহিকার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করা সম্ভব হবে।”

ভারতের সঙ্গে সম্পর্ক ও গঙ্গা চুক্তি  
এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী স্পষ্ট করেন যে, পদ্মা ব্যারেজ নির্মাণ বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, “যেহেতু এটি আমাদের ভৌগোলিক সীমানার ভেতরে এবং আমাদের নদী ব্যবস্থাপনার অংশ, তাই এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে দুই দেশের যৌথ নদী কমিশন নিয়মিত কাজ করে যাচ্ছে।”

কবে শুরু হচ্ছে কাজ?  
মন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেট ঘোষণার পরপরই পদ্মা ব্যারেজ প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কৃষি, মৎস্য সম্পদ এবং পরিবেশগত ভারসাম্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আজকের একনেক সভায় পদ্মা ব্যারেজ ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow