হামে ৪ শতাধিক শিশুর মৃত্যু: ড. ইউনূস ও নূরজাহান বেগমের বিচার দাবি সিপিবির
দেশে হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে দেশজুড়ে চলমান এই স্বাস্থ্য সংকটে সরকারের ‘নির্বিকার’ ভূমিকার তীব্র সমালোচনা করেছে দলটি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন দলটির নেতারা।
আলটিমেটাম ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ১৯ মের মধ্যে হাম পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিবি নেতারা।
নেতৃবৃন্দের বক্তব্য
সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, "শত শত শিশুর এই করুণ মৃত্যুর জন্য ড. মুহাম্মদ ইউনূস ও তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সরাসরি দায়ী। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না। দেশের মানুষ অবিলম্বে তাদের বিচার দেখতে চায়।" তিনি আরও অভিযোগ করেন, স্বাস্থ্যমন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও সংসদে অসংলগ্ন কথা বলছেন এবং সংকট মোকাবিলায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ বলেন, অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্য রক্ষার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে বেশি ব্যস্ত ছিল। তারা দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিতর্ক তৈরি করে জাতীয় চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালিয়েছে এবং মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংসের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
দলের সহকারী সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না বলেন, "শিশুদের এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এটি চরম অবহেলা, দুর্নীতি এবং স্বাস্থ্য খাতকে ব্যবসায় পরিণত করার ফল। মুষ্টিমেয় কিছু মানুষের মুনাফার জন্য কোটি কোটি শিশুর জীবন আজ ঝুঁকির মুখে।"
সরকারের প্রতি সমালোচনা
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা না পেয়ে অনেক পরিবার সন্তান হারাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো জরুরি স্বাস্থ্য সতর্কতা বা জাতীয় উদ্যোগ চোখে পড়ছে না। এমনকি এত বড় মানবিক বিপর্যয়ের পরও প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোনো হাসপাতাল পরিদর্শন করেননি বলে তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, দেশে গত কয়েক মাসে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুদের মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ