আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 3, 2026 - 17:49
May 3, 2026 - 17:49
আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সভায় সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মিক মুক্তির দিশারী। আমাদের আত্রাইয়ের পতিসর ও নাগর নদের পাড়ে কবির পদচিহ্ন আমাদের জন্য এক বিশাল গৌরবের। বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং তাঁর অসাম্প্রদায়িক চেতনা এবং সৃষ্টিশীল দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

​তিনি আরও বলেন, আত্রাইয়ের কৃষ্টি, কালচার এবং ইতিহাসের সাথে রবীন্দ্রনাথের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কৃষিকাজে আধুনিকায়ন এবং সমবায় ভাবনার যে বীজ তিনি এখানে বপন করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তাই জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে এই উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিদ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মুঞ্জরুল আলম, তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজিমুদ্দিন, সম্রাট হোসেন, মো. মামনুর রশীদ, মো. আফজাল হোসেন, উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিগণ।

সভায় রবীন্দ্র মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতাসহ দিনব্যাপী কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। ​উপস্থিত সকলে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সফল করার লক্ষ্যে সবাই একমত পোষণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow