রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিশোধ নিলো বার্সেলোনা
অক্টোবরে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হারের ক্ষত ছিল বার্সেলোনার মনে। সেই তিক্ত অভিজ্ঞতার মধুর প্রতিশোধ নিলেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সোমবার রাতে লা লিগার ম্যাচে সেভিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা।
ম্যাচটির পুরো আলো কেড়ে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তার দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা। বাকি দুটি গোল করেছেন দানি ওলমো এবং জোয়াও কানসেলো।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলা বার্সেলোনা সপ্তম মিনিটেই লিড নেয়। ডি-বক্সে জোয়াও কানসেলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিখুঁত পানেনকা শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। ২১তম মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা, আর সেখান থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৩৮ মিনিটে দানি ওলমোর গোলে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনা। যদিও প্রথমার্ধের ইনজুরি টাইমে সেভিয়ার ওসো একটি গোল শোধ করলে ৩-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ফারমিন লোপেজের বাড়ানো বল থেকে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন রাফিনিয়া। এরপর ৬০ মিনিটে দেখা যায় কানসেলোর জাদুকরী গোল। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা। শেষদিকে রবার্ট লেভান্ডোভস্কি বেশ কিছু সুযোগ নষ্ট করলেও, ইনজুরি টাইমে সেভিয়া আরও একটি গোল করলে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।
নভেম্বরে ন্যু ক্যাম্পের স্টেডিয়ামে ফেরার পর থেকে এটি বার্সেলোনার টানা ১২তম জয়। এই ১২ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে মোট ৩৯টি গোল করেছে। আজকের ম্যাচে তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে শুরুতে বেঞ্চে রাখলেও ৬৭তম মিনিটে তাকে মাঠে নামান কোচ।
এই জয়টি বার্সেলোনার জন্য কেবল পয়েন্ট অর্জনের লড়াই ছিল না, বরং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক আত্মবিশ্বাসের রসদ হিসেবে কাজ করবে।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ