সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের সালথায় সার ডিলার নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ। এ সময় তারা ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করেন।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার থাকার কথা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন তারা। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সার ডিলার লাইসেন্স দেওয়া হয়েছে, যা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তারা আরও বলেন, সার ডিলারশিপে অনিয়ম ও সমন্বয়ের অভাবে অনেক ইউনিয়নের প্রকৃত নাগরিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কৃষকদের সার সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কৃষি উৎপাদন সচল রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে তারা এক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বাতিল করতে হবে, সার ডিলারশিপের সমন্বয় করে ইউনিয়নের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা-২০২৫ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, স্ব-স্ব ইউনিয়নের নাগরিকদের নামে সার ডিলার লাইসেন্স প্রদান করে কৃষকদের সার প্রাপ্তির ভোগান্তি দূর করতে হবে, আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া সব সার ডিলার লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দিতে হবে বলে দাবী তোলেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানববন্ধনকারীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ