নির্বাচনের ফলাফল যা-ই হোক, মেনে নেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্কঃ
Feb 12, 2026 - 20:38
নির্বাচনের ফলাফল যা-ই হোক, মেনে নেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত যে ধারা লক্ষ্য করা যাচ্ছে, তা বজায় থাকলে তাঁর দল জনরায় মেনে নেবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, বর্তমান নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে বারবার নিষিদ্ধ ও নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও কখনো থেমে থাকেনি। দলের নেতৃত্বদানকারী অনেকে স্বাভাবিকভাবে বিদায় নিয়েছেন, আবার অনেকে জুলুমের শিকার হয়ে চলে গেছেন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও জামায়াত তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। 

নির্বাচনের বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি জানান, প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে এবং প্রাপ্ত আভাস অনুযায়ী অধিকাংশ জায়গায় জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন। তবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কোনো প্রকার অগ্রিম নিশ্চয়তা দেওয়া সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের ওপর তাদের পূর্ণ আস্থা আছে এবং দেশের স্বার্থই তাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। 

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, গত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। এবার প্রবাসীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, যা দেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনে প্রবাসীদের সাহসী ভূমিকা এবং রেমিট্যান্স নিয়ে তাদের অবস্থানের কারণে তৎকালীন সরকারের ভিত নড়ে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী মা-বোনদেরও সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশ গড়ার কাজে রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যস্ততার কারণে অনেকের ব্যক্তিগত খোঁজ নিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি স্পষ্ট করেন যে, কোনো একক পক্ষের পক্ষে দেশ গড়া সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান প্রদর্শন করে ডা. শফিকুর রহমান বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, জনগণের রায় মাথা পেতে নিতে তারা প্রস্তুত। তিনি নির্বাচিত হলে সকল দলের পরামর্শ নিয়ে কাজ করার এবং আন্তর্জাতিক মহলের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন। এছাড়া এবারের নির্বাচনে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতিকে তিনি একটি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালন করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow