নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ১১:১৩ এএম
শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আসন্ন ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ইতোমধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের এই অবস্থানের কথা স্পষ্ট করেছে ইউএস সকার ফেডারেশন। চিঠিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রে দলের টুর্নামেন্ট-পূর্ববর্তী প্রস্তুতি ক্যাম্প এবং মূল ইভেন্টে অংশগ্রহণ—উভয়ই বাতিল করা হয়েছে। 

এ সিদ্ধান্তের পেছনে কাতারের ওপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল-৩’ ভ্রমণ সতর্কতা এবং খেলোয়াড় ও অফিশিয়ালদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, “আমাদের খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের সুরক্ষাই সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

খেলোয়াড়দের সংশ্লিষ্ট ক্লাবগুলোকেও ফেডারেশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বা বিবৃতি আসার আগে পর্যন্ত খেলোয়াড়দের প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে এখনো ফিফার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে ৪৮টি দলের অংশগ্রহণে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। টুর্নামেন্টের ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টিনিগ্রো। সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর মন্টিনিগ্রোর বিপক্ষেই যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।