বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

অনলাইন ডেস্কঃ
১ অক্টোবর, ২০২৬ ৫:৩৪ পিএম
শেয়ার করুন:
বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা নিয়ে সমঝোতা করতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে পরিবারের নারীদের সামনে এগিয়ে দিয়ে কৌশলে পালিয়ে গেছেন উপস্থিত নেতারা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় সম্প্রতি এনসিপির এক নেতাকে মারধরের শিকার হতে হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মাটি কাটা পুরোপুরি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে এককভাবে নদী থেকে মাটি কাটা সম্ভব নয় বুঝতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। 

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে এক গোপন বৈঠকের আয়োজন করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈঠকে অংশ নেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান এবং যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ অন্তত ১৪-১৫ জন নেতাকর্মী। পুলিশের তথ্যমতে, উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেকের বিরুদ্ধেই বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এছাড়া এই বৈঠকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানেরও উপস্থিত থাকার কথা ছিল।

বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল কাদির সিবিআইয়ের বাড়িটি ঘিরে ফেলে। তবে ডিবির অভিযান আঁচ করতে পেরে উপস্থিত নেতারা নিজেদের বাঁচাতে বাড়ির নারীদের সামনে ঠেলে দেন এবং তারা পথরোধ করার সুযোগে পেছনের পথ দিয়ে পালিয়ে যান।

অভিযানে থাকা ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, আকস্মিক পরিস্থিতি এবং অভিযুক্ত নেতাকর্মীদের তাৎক্ষণিকভাবে চিনতে না পারার সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হন।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান বলেন, “আওয়ামী লীগ নেতার বাড়িতে আমার বৈঠকের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এমনকি কাদির সিবিআই ছাত্রলীগ করতো কি না, সে বিষয়েও আমার কোনো ধারণা নেই।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।