সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
১ অক্টোবর, ২০২৬ ৫:১৬ পিএম
শেয়ার করুন:
সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের জেরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকারের কাছে অবিলম্বে পদত্যাগপত্র জমা দিতে দল ও সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির হাইকমান্ডের এই সিদ্ধান্ত সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন ঢাকা মহানগর বিএনপির অন্যতম এক শীর্ষ নেতার মাধ্যমে এমপি মিষ্টির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফেরদৌসী আহমেদ মিষ্টি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না দাবি করে দ্রুত কল কেটে দেন।

যে কারণে পদত্যাগের নির্দেশ:  
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর থেকেই এমপি মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যাতে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। 

এছাড়া অতীতে ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ নানা গুরুতর অভিযোগ ছিল। এসব বিতর্কিত ভূমিকার কারণে দীর্ঘদিন ধরেই দলের ভেতরে ও বাইরে তার রাজনৈতিক অবস্থান নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছিল।

দলীয় পর্যায়ে ব্যাপক শুদ্ধি অভিযান: 
মিরপুরের রাড্ডা কাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগের জেরে মহানগর বিএনপিতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এরই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই দিনে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন বিতর্কিত নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল ও শ্রমিক দলের একাধিক নেতার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে হাইকমান্ড।

সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের এই কঠোর নির্দেশনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টি ঠিক কবে নাগাদ স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।