ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১ অক্টোবর, ২০২৬ ১:৪২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান

‘দীর্ঘায়িত আয়ু, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার ঠাকুর, এফডিএ ফরিদপুরের প্রতিনিধি আজহারুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ এবং এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণদের সুস্থতা, মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে একটি কার্যকর সামাজিক সুরক্ষা কাঠামো এবং প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রবীণদের শারীরিক স্বাস্থ্যসেবা ও মানসিক প্রশান্তির পাশাপাশি বিদ্যমান প্রবীণ ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রবীণদের পারিবারিক ও সামাজিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা প্রয়োজন। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ডিজিটাল সেবা গ্রহণে তাঁদের সক্ষমতা বাড়ানো সময়ের দাবি। একই সঙ্গে যেকোনো ধরনের প্রবীণ নির্যাতন, অবহেলা ও বৈষম্য প্রতিরোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা। প্রবীণদের দীর্ঘ জীবনের সঞ্চিত অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে দেশের নতুন প্রজন্মের কল্যাণে কাজে লাগানোর ওপরও সভায় বিশেষ জোর দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।