সদরপুরে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড, ক্ষতিকর জাল ধ্বংস

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১ অক্টোবর, ২০২৬ ১০:৫১ এএম
শেয়ার করুন:
সদরপুরে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড, ক্ষতিকর জাল ধ্বংস

ফরিদপুরের সদরপুরে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে দুই জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদী ও জলাশয়ের জন্য মারাত্মক ক্ষতিকর প্রায় ২৫০ মিটার অবৈধ ‘বের’ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল এলাকার বিভিন্ন খাল-বিলে এ অভিযান পরিচালিত হয়। সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল্লাহিল। 

অভিযানকালে অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাতেনাতে আটক দুই জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত প্রায় ২৫০ মিটার অবৈধ বের জাল জব্দ করার পর তা স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বের জালের ব্যবহারে ছোট-বড় সব ধরনের মাছ আটকে যায়। ফলে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উন্মুক্ত জলাশয়ের বাস্তুসংস্থান ও প্রাকৃতিক ভারসাম্য চরম হুমকির মুখে পড়ে। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর জালের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করতে বিভাগীয় প্রচার কার্যক্রমও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।