ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রবাসী আয় ও অভিজ্ঞতার সঠিক সদ্ব্যবহারের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের আত্মনির্ভরশীল করে তুলতে ফরিদপুরে শেষ হলো কৃষি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশু-পাখি পালনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যাগত কর্মীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ তুলে দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ): রিইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস’ প্রকল্পের অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অর্জিত জ্ঞান ও দেশে আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে প্রত্যাগত কর্মীরা দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। কৃষি ও প্রাণিসম্পদ খাত এখন আর শুধু জীবিকা নয়, এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় বাণিজ্যিক ক্ষেত্র। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি হলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফরিদপুর সদর উপজেলার মোট ৫০ জন প্রত্যাগত অভিবাসী কর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নেন; যার মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন নারী। প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন, রোগবালাই দমন, আধুনিক কৃষিজ প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। 

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় ৫০ জন নারী-পুরুষের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।