মিরপুরে সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্কঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৯ পিএম
শেয়ার করুন:
মিরপুরে সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ ও সিটি করপোরেশন। ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের একটি গাড়িসহ উচ্ছেদকাজে ব্যবহৃত ভেকু ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযান চলাকালে ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্ট সার্কিটের সৃষ্টি হয় এবং সেখান থেকে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ঘটে। এতে ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে অভিযানে অংশ নেওয়া দলটির ওপর চড়াও হয় এবং সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা সিটি করপোরেশনের বর্জ্যবাহী তিনটি গাড়িতে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অভিযানে সহায়তাকারী পুলিশের গাড়ি ও একটি ভেকুতে ভাঙচুর চালানো হয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং চারপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মিরপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনার পর থেকে মিরপুর-১০ নম্বর ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।