২৭৭ প্রতিমায় সেজেছে আলফাডাঙ্গার হরি মন্দির: শারদীয় উৎসবে লোকজ ও পৌরাণিক মেলবন্ধন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩ এএম
শেয়ার করুন:
২৭৭ প্রতিমায় সেজেছে আলফাডাঙ্গার হরি মন্দির: শারদীয় উৎসবে লোকজ ও পৌরাণিক মেলবন্ধন

সারি সারি দেব-দেবীর প্রতিমা, আবহমান বাংলার লোকজ উপাখ্যান আর চোখজুড়ানো নান্দনিক সাজসজ্জা—সব মিলিয়ে উৎসবের রঙে সেজে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবার এখানে বসছে পৌরাণিক ও লোকগাথার মোট ২৭৭টি প্রতিমার বর্ণিল প্রদর্শনী। গত বছরের ২৫১টি প্রতিমার রেকর্ড ছাড়িয়ে এবার আয়োজনে যুক্ত হয়েছে আরও ২৬টি নতুন প্রতিমা।

সরেজমিনে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চারদিকে এখন সাজ সাজ রব ও উৎসবের আমেজ। সারি সারি প্রতিমায় মূর্ত হয়ে উঠেছে সনাতন ধর্মের নানা রূপ ও আখ্যান। একদিকে দেবী দুর্গার নয়টি রূপ (নবদুর্গা), অন্যদিকে রূপায়িত হয়েছে আবহমান বাংলার চিরচেনা বেহুলা-লখিন্দরের মনসামঙ্গল কাব্য। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি ও আলোকসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি।

আয়োজক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার প্রখ্যাত মৃৎশিল্পী নীলরঞ্জন পাল ও তাঁর সহযোগী ছয়-সাতজন কারিগর টানা দুই মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই ২৭৭টি প্রতিমা নির্মাণ করেছেন। মাটি, খড় ও রঙের নিপুণ ছোঁয়ায় প্রতিটি প্রতিমাতেই ফুটিয়ে তোলা হয়েছে স্বকীয় ভাব, অবয়ব, পোশাক ও অলংকার। দীর্ঘ দুই মাসের শিল্পযজ্ঞ শেষে মঙ্গলবার সকালে কাজ সম্পন্ন করে কারিগর দল বিদায় নেন। এখন মন্দির প্রাঙ্গণজুড়ে দৃশ্যমান তাঁদের ঘামঝরা শ্রমের অনন্য শিল্পকর্ম।

পূজার আনুষ্ঠানিকতা অনুযায়ী, মহাষষ্ঠী থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত (১৬ থেকে ২৫ অক্টোবর) টানা দশ দিন এই বিশেষ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায় বলেন, “এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করতে ২৭৭টি প্রতিমা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি নবদুর্গার রূপভেদ ও বেহুলা-লখিন্দরের কাহিনি উপস্থাপনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বাঙালির সমৃদ্ধ লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াস রয়েছে আমাদের।” একই সঙ্গে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রতিমা দর্শনের আহ্বান জানান তিনি।

আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস জানান, হরি মন্দিরের এবারের আয়োজন জেলার অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছে। গত বছর ২৫১টি প্রতিমা থাকলেও এবার দর্শনার্থীদের আগ্রহের কথা বিবেচনায় রেখে তা বাড়িয়ে ২৭৭টিতে উন্নীত করা হয়েছে। 

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এই হরি মন্দিরে ২০০৫ সাল থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিমা প্রদর্শনীর আয়োজন এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরই বাড়ছে আয়োজনের পরিধি ও বৈচিত্র্য। 

সন্ধ্যা নামলেই রঙিন আলোর রোশনাইয়ে উদ্ভাসিত হয়ে উঠবে হরি মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শিল্পকলা ও লোকঐতিহ্যের এই অনন্য মেলবন্ধন উপভোগ করতে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।