প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্কঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:১০ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, সফরটি নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকের বিষয়ে দিনেশ ত্রিবেদী জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এটি মূলত একটি সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ছিল এবং তাদের মধ্যে চমৎকার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কোনো সুনির্দিষ্ট একক ইস্যু নয়, বরং দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়াদি নিয়েই কথা হয়েছে। 

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “আমাদের অবশ্যই পরিস্থিতি অনুযায়ী যথাযথ সময় দিতে হবে। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া সফরের আমন্ত্রণটি এখনো উন্মুক্ত রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখনই সুবিধাজনক মনে করবেন, তখনই সফরটি চূড়ান্ত হবে।”

এদিকে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।