দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই : ডা. জাহেদ উর রহমান

অনলাইন ডেস্কঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৪ পিএম
শেয়ার করুন:
দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই : ডা. জাহেদ উর রহমান

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আমদানিকারকরা সরকারকে আশ্বস্ত করেছেন যে, দেশের বাজারে এলপিজির কোনো ঘাটতি নেই।

বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আমদানির তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত আগস্ট মাসে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। আর চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। ফলে দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি বেশ সন্তোষজনক।

বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু জায়গায় দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ যেন কৃত্রিম মজুত গড়ে বাজারে অস্থিরতা তৈরি না করে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

এ ছাড়া বিশ্বজুড়ে পণ্যের বাজারে স্পেকুলেটিভ বা জল্পনামূলক প্রবণতার কারণেও কোথাও কোথাও দামের ওপর প্রভাব পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।