বোয়ালমারীতে ৪৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-মেয়ে গ্রেপ্তার

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৯ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে ৪৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-মেয়ে গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন স্বাধীনতা স্তম্ভ চত্বরের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. সামচেল কমান্ডারের ছেলে নান্নু বিশ্বাস এবং তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর সদরের চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন সড়কের পাশে নান্নু বিশ্বাসের চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ বাবা নান্নু বিশ্বাস ও মেয়ে সুরাইয়া বেগমকে আটক করা হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, নান্নু বিশ্বাস এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক আইনে মামলা রয়েছে। এছাড়া নান্নু বিশ্বাসের আরেক মেয়ে লাবনীর বিরুদ্ধেও রয়েছে একাধিক মাদক মামলা। মূলত নান্নু বিশ্বাসের পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার বাবা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।