ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ অধ্যক্ষদের মাঝে বিশেষ সিম বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ অধ্যক্ষদের মাঝে বিশেষ সিম বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে দাপ্তরিক যোগাযোগ আরও সহজ, সাশ্রয়ী ও গতিশীল করার লক্ষ্যে বৃহত্তর ফরিদপুরের কলেজ অধ্যক্ষদের মাঝে বিশেষ সিম বিতরণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখার শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সিম বিতরণ করা হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের মোট ৯৮টি কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক সেলিম হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ইজাজুল হক হাওলাদার, সহকারী পরিচালক মো. রুহুল আমিন এবং গ্রামীণফোন লিমিটেডের বিজনেস ডিভিশনের লিড স্পেশালিস্ট এরশাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিটি কলেজের অধ্যক্ষের হাতে একটি করে গ্রামীণফোনের বিশেষ সিম হস্তান্তর করা হয়। আয়োজকেরা জানান, প্রাতিষ্ঠানিক কাজের সুবিধার্থে এই সিমে সর্বনিম্ন ৪৫ পয়সা কলরেট নির্ধারণ করা হয়েছে। 

আয়োজকদের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয় যে, এই সিমটি ব্যক্তিগত নয় বরং সংশ্লিষ্ট কলেজের প্রাতিষ্ঠানিক সম্পদ হিসেবে গণ্য হবে। কোনো অধ্যক্ষ বদলি, অবসর বা দায়িত্ব হস্তান্তর করলে সিমটি কলেজেই রেখে যেতে হবে, যাতে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ এটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কলেজের প্রাতিষ্ঠানিক যোগাযোগের নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা বজায় থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।