বোয়ালমারী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৬ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাকিবুল হাসান।

বিদ্যালয়ের সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিবুল ইসলাম তুহিন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “ঐতিহ্যবাহী জর্জ একাডেমির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হয়ে গেল, অথচ এই উপজেলার একজন প্রবীণ নাগরিক হওয়া সত্ত্বেও আমাকে কোনো দাওয়াত দেওয়া হয়নি; যা অত্যন্ত দুঃখজনক। তবে আল্লাহর রহমতে আজ আমি এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে। সময় সবকিছুর সবচেয়ে বড় বিচারক। তাই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।” 

তিনি বিগত কমিটির সমালোচনা করে আরও বলেন, “যারা অতীতে নিরপেক্ষভাবে বিদ্যালয়টি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। তাদের কেউ তাড়িয়ে দেয়নি, বরং নিজেদের অপকর্মের ফলেই আজ তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বিশিষ্ট সমাজসেবক বিনয় কুমার চাকী, শেখ আমিনুল ইসলাম বাবলু এবং উপজেলা ছাত্রদলের নেতা বায়েজীদ খান রাব্বী।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সদস্য কাজী শাহেদ, সেকশন অফিসার কাজী শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র সাহাসহ বিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য সুধীজন।

অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।