ভাঙ্গায় নুডলসে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরীকে শ্লীলতাহানি, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২৫ অক্টোবর, ২০২৬ ১০:১৮ এএম
শেয়ার করুন:
ভাঙ্গায় নুডলসে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরীকে শ্লীলতাহানি, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় নুডলসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানি এবং বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত রুবেল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে অসুস্থ ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দিবাগত রাতে উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভিযুক্তরা কৌশলে খাবারের (নুডলস) সঙ্গে চেতনানাশক বা ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরীকে খাওয়ায়। এতে সে নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানি করে। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা বিয়ের জন্য জমানো নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

পরবর্তীতে অচেতন ও অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত ২৩ অক্টোবর ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রুবেল শেখকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মামলার অপর দুই অভিযুক্ত সায়েম মিয়া ও আকতার মাতুব্বরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এদিকে, এক কিশোরীর ওপর এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।