সোনাপুর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মনির মোল্লা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৯ নভেম্বর, ২০২৬ ১০:২০ এএম
শেয়ার করুন:
সোনাপুর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মনির মোল্লা

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির মোল্লা। দলীয় মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে অংশ নিয়ে আবারও জনগণের সেবা করতে চান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবন, দলীয় মনোনয়ন প্রত্যাশা ও নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

মনির মোল্লা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি। এর আগে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবা মরহুম বদিউজ্জামান মোল্লা অবিভক্ত সালথা-নগরকান্দা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সোনাপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে মনিরুজ্জামান মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। সালথা উপজেলা যুবদল প্রতিষ্ঠার পর প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০১২ সালে নগরকান্দায় বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে আটটি মামলা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ধরে রাজনৈতিক কারণে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে মনির মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাই আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে তিনি আশাবাদী।

নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। অতীতে জনগণ তাঁর বাবা ও তাঁকে নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পাবেন বলে তাঁর বিশ্বাস। শারীরিকভাবে সুস্থ থাকলে এবং দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তাঁর বাবা ও তাঁর দায়িত্ব পালনকালে সোনাপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ভবিষ্যতেও এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও জনসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে চান তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন মনির মোল্লা। পাশাপাশি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় সালথা-নগরকান্দার উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে মনির মোল্লা বলেন, আমার বিশ্বাস, সোনাপুর ইউনিয়নের মানুষ অতীতের মতো আগামী দিনেও আমাদের পাশে থাকবেন। জনগণের প্রতি আমার ভালোবাসা ও আস্থা রয়েছে। আল্লাহর রহমত থাকলে আসন্ন নির্বাচনে শতভাগ বিজয়ী হব বলে আমি আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।