আত্রাই মহিলা কলেজে এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫০ পিএম
শেয়ার করুন:
আত্রাই মহিলা কলেজে এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই মহিলা কলেজে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সংবর্ধনা ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান এবং কলেজের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আত্রাই মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবু মাসুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। আত্রাই মহিলা কলেজ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নারী শিক্ষার আলো ছড়াতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কেবলমাত্র প্রাতিষ্ঠানিক সনদ অর্জন করলেই চলবে না; বরং দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মেধা, সততা ও নিষ্ঠাই আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।” এ সময় তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সবসময় পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।