রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

বান্দরবানের রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহার ও খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহারসহ উপজেলার প্রায় ৪০টি বৌদ্ধ পল্লীর বিহারগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। 

দিনটি উদযাপনে সকাল থেকেই বৌদ্ধ বিহারগুলোতে ছিল দায়ক-দায়িকা ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, পঞ্চশীল-অষ্টশীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন, সংঘদান এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। অনুষ্ঠানে গৌতম বুদ্ধের পারিলেয়্য বনে অবস্থানকালে বানর ও হাতির মধু দানের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশে বিশেষ ধর্মদেশনা দেওয়া হয়। 

এ উপলক্ষে খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহারে আয়োজিত ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. কবিদা মহাথেরো। অনুষ্ঠানে নাছালং পাড়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষসহ উপজেলার বিভিন্ন বিহার থেকে আগত প্রাজ্ঞ ও পণ্ডিত ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। 

ধর্মদেশনায় বক্তারা বলেন, গৌতম বুদ্ধ আজীবন অহিংসা, শান্তি ও মানবতার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর অহিংসা ও মৈত্রীর আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করার মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। 

উৎসবকে কেন্দ্র করে রোয়াংছড়ির বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।