নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মীর শাহে আলমের বিতর্কিত মন্তব্য

অনলাইন ডেস্কঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩২ পিএম
শেয়ার করুন:
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মীর শাহে আলমের বিতর্কিত মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

এনসিপি নেতাদের রাজনৈতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে মীর শাহে আলম বলেন, “লংমার্চে নাহিদ, হাসনাত এবং আরেকটা কী যেন নাম? কী পাটওয়ারী... বিভিন্ন নামে ডাকে। কেউ ডার্বি ডাকে, কেউ কুত্তা ডাকে, ছাগল নাসির... যাই হোক, আমি বলছি না, সাধারণ মানুষ বলে।”

বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, “তারা যে ভাষায় কথা বলে! আমাদের নিয়ে বলুক, আপত্তি নেই। কিন্তু তারেক রহমানকে নিয়ে যখন ওই বয়সী বাচ্চা ছেলেদের মুখ থেকে শিষ্টাচারবহির্ভূত কথা বের হয়, তখন আমাদের তা সহ্য করার কথা নয়। আমাদের দল থেকে ধৈর্য ধরতে বলা হয়েছে বলেই আমরা এখনও চুপ আছি।”

বিরোধী দলগুলোর আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১১ দলীয় জোটের কর্মকাণ্ড কার্যত আওয়ামী লীগের রাজনীতিকেই সুবিধা করে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, “কয়েকটি দল মিলে ফুটবল টিমের মতো ১১ দলীয় জোট করেছে। তারা আমাদের সঙ্গে রাজনৈতিক খেলায় নামছে। ছয় মাস না যেতেই বলে পতন ঘটিয়ে দেবে! আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আন্দোলনের অভিজ্ঞতা আপনাদের চেয়ে আমাদের অনেক বেশি।”

বক্তব্যে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, দলটির কৃতজ্ঞতাবোধের অভাব রয়েছে। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের দুই শীর্ষ নেতাকে মন্ত্রী বানিয়েছিলেন, কিন্তু জামায়াত আজ সেই অতীত ভুলে গেছে। এছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এনসিপি ও জামায়াতের পুরোনো যোগাযোগ নতুন করে জোড়া লাগার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানের শেষভাগে মীর শাহে আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জানান, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।