ভাঙ্গায় পথচারীকে গুলির ঘটনায় রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৪ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় পথচারীকে গুলির ঘটনায় রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হামিদুল গাজী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে (ভাঙ্গা হাইওয়ে থানার কাছে) একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। এ সময় গাড়িতে তাঁর সঙ্গে এক নারী ছিলেন। সেখানে গাড়ি পার্কিং নিয়ে এক পথচারীর সঙ্গে হামিদুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকেই ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন তিনি। গুলির ওই দৃশ্যটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলার পর ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১-এর সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলে ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭) জব্দ করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী জানান, গুলি ছোড়ার পর অস্ত্রটি তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা এলাকায় তাঁর নিজ বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়ে রেখেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে হামিদুলের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই পরিত্যক্ত শৌচাগার থেকে ঘটনার সময় ব্যবহৃত ২২ বোরের রিভলবারটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও হত্যাচেষ্টাসহ মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।