জাতীয় মৎস্য পদক (স্বর্ণ) পেল নোয়াখালীর ‘আলা উদ্দিন ফিসারিজ’

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৭ আগস্ট, ২০২৬ ১১:২২ এএম
শেয়ার করুন:
জাতীয় মৎস্য পদক (স্বর্ণ) পেল নোয়াখালীর ‘আলা উদ্দিন ফিসারিজ’

মাছের পোনা উৎপাদনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’-এর স্বর্ণপদক অর্জন করেছে নোয়াখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আলা উদ্দিন ফিসারিজ’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব আলা উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় সম্মাননা তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করা হয়। 

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলা উদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সঠিক সরবরাহ এবং উপকূলীয় অঞ্চলে মাছ চাষ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি তাদের ২১টি পুকুরের মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলাশয়ে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। পোনা উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি স্থানীয় কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছে; বর্তমানে খামারটিতে ৩২ জনের স্থায়ী এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, মানসম্মত পোনা উৎপাদন, সরবরাহ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে আলা উদ্দিন ফিসারিজকে স্বর্ণপদকের পাশাপাশি ৫০ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে এ অর্জনে নোয়াখালীর মৎস্যচাষিদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই স্বীকৃতি জেলায় গুণগত পোনা উৎপাদন এবং আধুনিক মৎস্যচাষের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।