নিউইয়র্কে ‘চুরাশিয়ান মহামিলন ২০২৬’-এ স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাস

বিশেষ প্রতিনিধিঃ
৭ আগস্ট, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন:
নিউইয়র্কে ‘চুরাশিয়ান মহামিলন ২০২৬’-এ স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনন্দ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হলো ‘চুরাশিয়ান মহামিলন ২০২৬’। এসএসসি ১৯৮৪ ব্যাচের উত্তর আমেরিকাভিত্তিক সংগঠন ‘চুরাশিয়ান’-এর উদ্যোগে গত ২৫ জুলাই নিউইয়র্কের লাগোয়ার্ডিয়ায় অবস্থিত নান্দনিক ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা প্রাঙ্গণে জমকালো এ মহামিলনের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যসহ কানাডা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসা চুরাশিয়ানরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। দীর্ঘদিন পর বন্ধুদের মিলন, পুরোনো দিনের স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।

মূল অনুষ্ঠানের আগের দিন প্রস্তুতিমূলক আড্ডা ও নৈশভোজ

মহামিলনের মূল অনুষ্ঠানের আগের দিন কনভেনর শামস চৌধুরী রুশোর বাসভবনে আয়োজন করা হয় বিশেষ প্রস্তুতিমূলক আড্ডা ও নৈশভোজের। সেখানে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা চুরাশিয়ান এবং বাংলাদেশ থেকে আগত অতিথিরা একত্রিত হন।

এ সময় পরদিনের অনুষ্ঠানের প্রবেশপত্র ও পরিচয়পত্র, উপহারসামগ্রী এবং স্মরণিকা প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনভেনর রুশো ও তাঁর সহধর্মিণীর আন্তরিক আতিথেয়তায় ঘরোয়া এ আয়োজনও পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। প্রস্তুতিপর্ব শেষে নৈশভোজ ও প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে শেষ হয় এ বিশেষ আয়োজন।

দেশ-বিদেশের অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

মূল অনুষ্ঠানে বাংলাদেশ, কানাডা, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চুরাশিয়ানরা অংশ নেন। বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ, সানোয়ার হোসেন নওরোজ, কাজী জাহাঙ্গীর কবির ও ইমন শেখসহ অতিথিরা স্বস্ত্রীক অনুষ্ঠানে যোগ দেন।

কানাডা থেকে উপস্থিত ছিলেন মিজান রহমান, ইমাম উদ্দিন, সোহেল মাহমুদ, মঈন তালুকদার ও মজিবুর মোল্লা। শ্রীলঙ্কা থেকে অংশ নেন হীরা ডি স্যারম।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেকে পরিবারসহ অনুষ্ঠানে যোগ দেন। টেক্সাস থেকে সামু হোসাইন, ইফতেখার আলম লিটন, শাহীন শাহনাজ ও মোহাম্মদ আলী; ফ্লোরিডা থেকে টিটন মালিক, আশরাফ উদ্দিন, হাসিবুল হাসান, ইকবাল করিম ও শারমীন জামান লিপি; বোস্টন থেকে ড. শেখ শাহাবুদ্দিন, লাল গোলাম ফারুক ও মশিউর রহমান; পেনসিলভানিয়া থেকে মাহফুজ শিপু ও কামরুন নাহার; নিউ জার্সি থেকে তোহেল ইসলাম, শরিফুল পারভেজ তপু, মোস্তাফুল হক টুটুল ও মোর্শেদ আহমেদ; মেরিল্যান্ড থেকে কলিমুল্লাহ ও নির্মল গোমেজ; কানেকটিকাট থেকে সুব্রত বণিক ও কামরুল চৌধুরী এবং জর্জিয়া থেকে নজরুল চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা

মহামিলনের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চুরাশিয়ান শিল্পী ইমন শেখ ভূপেন হাজারিকার গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাঁর পরিবেশিত গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যে ২০ হাজারের বেশি ভিউ পেয়েছে।

এ ছাড়া সংগীত পরিবেশন করেন চুরাশিয়ান-গর্ব রিজিয়া পারভীন, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী হাসান মাহমুদ, ঝুলন সেন, দীপক দাস, খালেদ সরকার, মহুয়া আহমেদ ও আলভান চৌধুরী। কবিতা আবৃত্তি করেন আবদুল্লাহ আল মাহের, মাহফুজ শিপু ও শোয়েব মজুমদার।

স্মরণিকা প্রকাশ ও আগামী মহামিলনের ভেন্যু নির্ধারণ

বিকেল ৬টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে মহামিলনের কনভেনর শামস চৌধুরী রুশোর উদ্বোধনী ঘোষণার মাধ্যমে শুরু হয় স্মৃতিচারণ পর্ব।

অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন রাব্বী সৈয়দ, ইয়ার আহমেদ, আনোয়ারুল আরিফ ও মহুয়া আহমেদ।

মহামিলন উপলক্ষে চুরাশিয়ানদের স্মরণিকা ‘বন্ধু চল্ আড্ডা দিই’ প্রকাশ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী অতিথিদের হাতে তুলে দেওয়া হয় স্মারক উপহার।

পুরোনো বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ‘চুরাশিয়ান মহামিলন ২০২৬’। অনুষ্ঠানের শেষপর্বে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭ সালের মহামিলনের ভেন্যু হিসেবে ফ্লোরিডাকে নির্ধারণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।