ফরিদপুরের বাহিরদিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রে "মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল" শীর্ষক এক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপ-কেন্দ্র প্রাঙ্গণে একটি উন্নত জাতের দারুচিনি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে চাষিদের মশলা চাষের আধুনিক প্রযুক্তি, উন্নত জাত নির্বাচন ও পরিচর্যার নানা কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত উচ্চফলনশীল 'বারি গোলমরিচ-১'-এর চারা বিনামূল্যে বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সেলিম আহমেদ, মো. কামরুল ইসলাম, মো. মাহমুদুর রহমান এবং ড. এইচ এম খায়রুল বাসার।