দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

অনলাইন ডেস্কঃ
২৪ জুন, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন:
দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত এক ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

স্পিকার আশাবাদ ব্যক্ত করে বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং এর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে নিজের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আমি বেশ কয়েকটি সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদেও ছিলাম, যে কথা বলতে আজও নিজের কাছে লজ্জা লাগে। তখন রেডিও-টেলিভিশনে একজনের নির্বাচিত হওয়ার খবর শুনতাম, অথচ দুদিন পর সংসদে দেখতাম অন্য কেউ বসে আছেন। নানা অনিয়মের মধ্য দিয়ে তখন অনেকে সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘ সময় পর এবার আমরা একটি প্রকৃত ও নিয়মমাফিক সংসদ পেয়েছি।"

তিনি আরও বলেন, "এর আগে ১৯৯১ সালে আমরা একটি ভালো সংসদ দেখেছিলাম, আর বর্তমান সংসদটিও ঠিক তেমন হয়েছে। এবার অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছে বলেই যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের নিঃস্বার্থ সেবা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে রাষ্ট্রীয় সব কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিক ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও দৃঢ় করবে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি তাঁর বক্তব্যে বলেন, ফল উৎসবের মতো সৌহার্দ্যপূর্ণ আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক উদ্যোগে সংসদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। 

ফল উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।