এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১৯ জুন, ২০২৬ ১০:০১ এএম
শেয়ার করুন:
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নিজেই ফায়ারিং রেঞ্জে গিয়ে তাঁর নিশানা পরীক্ষা করেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “কিছুক্ষণ আগেই আমি এসএসএফ-এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি এবং এর উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে এই নতুন ফায়ারিং রেঞ্জটি বিশেষ ভূমিকা রাখবে।” নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত দক্ষতা আরও উন্নত করতে ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি এসএসএফ সদস্যদের তাগিদ দেন।

জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে আমার সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। তাই নিরাপত্তার কঠোর বেষ্টনী যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে, সেদিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, বিশিষ্ট ব্যক্তিদের (ভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন এবং পরবর্তীতে তাঁর মৃত্যুর পর বিশ্বের অন্যতম বৃহত্তম জানাজা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এসএসএফ-এর সমন্বয়কারী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি স্মরণ করেন যে, তরুণ বয়স থেকেই মায়ের সরকারপ্রধান থাকাকালীন এই এলিট বাহিনীর পেশাদারত্ব ও কার্যক্রম তিনি অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।

সবশেষে, আধুনিক প্রযুক্তির নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে গভীর দেশপ্রেম ও পেশাদারত্বের সাথে চেইন অব কমান্ড বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।