সোনাইমুড়ীতে র‍্যাবের অভিযান: ওয়ারেন্টভুক্ত প্যানেল চেয়ারম্যান মোহন গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
May 11, 2026 - 10:35
May 11, 2026 - 10:35
সোনাইমুড়ীতে র‍্যাবের অভিযান: ওয়ারেন্টভুক্ত প্যানেল চেয়ারম্যান মোহন গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। গত রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি চাঁদাবাজি ও মারামারির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই এলাকায় বেশ আলোচিত-সমালোচিত ছিলেন মহিন উদ্দীন মোহন। গত বছরের ১৮ মার্চ মিজানুর রহমান নামে এক ব্যক্তি সোনাইমুড়ী থানায় মোহনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি দল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে মোহনের পরিবারের পক্ষ থেকে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে তারা দাবি করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মারামারির সুনির্দিষ্ট মামলা রয়েছে। র‍্যাব তাকে গ্রেপ্তারের পর সোনাইমুড়ী থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow