কংগ্রেসের পর এবার ভিসিকের সমর্থন চাইলেন থালাপতি

অনলাইন ডেস্কঃ
May 6, 2026 - 14:07
কংগ্রেসের পর এবার ভিসিকের সমর্থন চাইলেন থালাপতি

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে জয়লাভের পর এবার সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জোট গঠনের লক্ষ্য নিয়ে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

কংগ্রেসের সমর্থন পাওয়ার পর বিজয় এবার ‘বিদুথালাই চিরুথাইগল কাতচি’ (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালানের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছেন। তবে ভিসিকে এখনো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল 'তামিলাগা ভেট্টি কাঝাগাম' (টিভিকে) ১০৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ থেকে তারা মাত্র ১০টি আসন দূরে রয়েছে। অন্যদিকে, ঐতিহ্যবাহী দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে) ৫৯টি এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (এআইএডিএমকে) ৪৭টি আসন পেয়েছে।

জোট গঠনের সমীকরণে বিজয় ইতোমধ্যে ডিএমকে জোটের শরিক দল কংগ্রেস, সিপিআই এবং সিপিএমের সমর্থন চেয়েছেন। এর মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস (৫টি আসন) জানিয়ে দিয়েছে, বিজয় সরকার গঠন করলে তারা পাশে থাকবে। যদি ভিসিকে (২টি আসন), সিপিআই (২টি আসন) এবং সিপিএম (২টি আসন) বিজয়ের জোটে যোগ দেয়, তবে মোট বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১১৯-এ। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে একটি বেশি।

এবারের নির্বাচনে বিজয় নিজে দুটি আসন—তিরুচি পূর্ব ও পেরাম্বুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি পেরাম্বুর আসনটি নিজের কাছে রেখে তিরুচি পূর্ব আসনটি ছেড়ে দেবেন। সেক্ষেত্রে ওই আসনে পরবর্তী সময়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দক্ষিণী সিনেমার মেগাস্টার বিজয়ের রাজনীতিতে এই সফল পদার্পণ এবং সরকার গঠনের তৎপরতা তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক সমীকরণকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, ছোট দলগুলোর সমর্থন নিয়ে বিজয় শেষ পর্যন্ত মসনদে বসতে পারেন কি না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow